ছবি সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি মার্কিন ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি বলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির পরোয়ানা কার্যকর করার সুযোগ রয়েছে কি না, তা শহর প্রশাসন আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছে। পর্যালোচনায় দেখা গেছে, এ বিষয়ে নিউইয়র্ক সিটির স্বাধীন কোনো আইনি ক্ষমতা নেই।
তিনি বলেন, পরোয়ানা কার্যকরের এখতিয়ার ফেডারেল সরকারের রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের আইসিসিতে যোগ দিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।
২০২৪ সালে আইসিসি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় পরিচালিত ইসরাইলি সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে। এ অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহু নিউইয়র্কে গেলে তাকে গ্রেফতার করা হবে না বলে আগেই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিও বার্তায় মামদানি আরও বলেন, গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের বিচার হওয়া উচিত এবং আইসিসির অভিযুক্ত অন্যদের মতো নেতানিয়াহুরও আইনের মুখোমুখি হওয়া প্রয়োজন।
তবে মামদানির বক্তব্য প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। এক প্রতিক্রিয়ায় তারা আইসিসিকে ‘প্রহসনের আদালত’ বলে অভিহিত করেছে।
সূত্র: আল আরাবিয়া।































