ছবি সংগৃহীত
দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ। এসব তথ্য প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদকে গ্রেফতারের পর বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য চায় দুবাই পুলিশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আরও চারটি বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুদকে এসেছে। বর্তমানে তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করছেন। তবে তদন্তের স্বার্থে কী ধরনের তথ্য চাওয়া হয়েছে, তা প্রকাশ করা সম্ভব নয়।
এর আগে বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দেয় দুবাই পুলিশ। প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় নথি ও তথ্য চাওয়া হয়।
এ বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখা এবং দুদক কাজ করছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য দুদক থেকে পাওয়ার পর দ্রুতই তা দুবাই পুলিশের কাছে পাঠানো হবে। তবে প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদ দুবাইয়ে আটক রয়েছেন। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথি আরবিতে অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে দুবাইয়ে পাঠিয়েছে দুদক। এসব নথির মধ্যে গ্রেফতারি পরোয়ানা, মামলার বিবরণ এবং প্রত্যর্পণসংক্রান্ত আইনি কাগজপত্র রয়েছে।































