ছবি সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী সহিংস ঘটনায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। তদন্তে দোষ প্রমাণিত হলে দলের একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি নিষেধাজ্ঞাও আসতে পারে।
ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা স্পেন অধিনায়ক রদ্রিকে আঘাত করেন। একই সময়ে মাঝমাঠে লেয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং গাভিকেও ধাক্কা দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। এর আগে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজও লাল কার্ড দেখেন। এছাড়া আর্জেন্টিনার আরও তিন খেলোয়াড় ও প্রধান কোচ লিওনেল স্কালোনিকে হলুদ কার্ড দেওয়া হয়।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন পর্যালোচনার পর শৃঙ্খলা বিধির ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোর তদন্তে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে।
শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর আর্জেন্টিনার উদযাপন নিয়েও তদন্ত চলছে। ওই ম্যাচ শেষে খেলোয়াড়রা ‘Las Malvinas son Argentinas’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন, যা রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।
ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড় বা দলের পক্ষ থেকে রাজনৈতিক বার্তা দেওয়া নিষিদ্ধ। ফলে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তির সম্ভাবনাও রয়েছে।
ফিফা তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সম্ভাব্য শাস্তি বা নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।































