ছবি সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলকে ঘিরে ছড়িয়ে পড়া মিথ্যা প্রচার, বিভ্রান্তিকর তথ্য ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে লিওনেল মেসিদের দল। তবে পুরো টুর্নামেন্টজুড়েই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল আর্জেন্টিনা। খেলোয়াড়দের আচরণ, রেফারিং নিয়ে বিতর্ক এবং ফাইনালে আক্রমণাত্মক ফুটবল নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে লক্ষ্য করে অসংখ্য ভুয়া তথ্য, সম্পাদিত ছবি, বিভ্রান্তিকর ভিডিও এবং ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে আর্জেন্টিনাকে ‘চোরের দল’ বলেও কটূক্তি করা হয়।
আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক লা নাসিওন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অপপ্রচারের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছে এএফএ। মিথ্যা অভিযোগ, সম্পাদিত ছবি প্রকাশ এবং প্রমাণহীন তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনাগুলো মামলার আওতায় আনা হবে।
এএফএর কর্মকর্তাদের মতে, বিশ্বকাপ চলাকালে গ্রহণযোগ্যতার সব সীমা লঙ্ঘন করা হয়েছে। তাই এবার আদালতের মাধ্যমে প্রতিকার চায় সংস্থাটি। এ লক্ষ্যে আইনজীবীদের একটি দল প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তদের পরিচিতি বা জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হবে না। মূলধারার গণমাধ্যম, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী অ্যাকাউন্টের পাশাপাশি মানহানিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়া সাধারণ ব্যবহারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
এএফএর আইনজীবীরা ইতোমধ্যে স্ক্রিনশট, পোস্ট, ভিডিওসহ আদালতে উপস্থাপনযোগ্য বিভিন্ন প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন। সংস্থাটির আশা, এসব আইনি পদক্ষেপের মাধ্যমে খেলোয়াড়দের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে কার্যকর জবাব দেওয়া সম্ভব হবে।































