ছবি সংগৃহীত
মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি এলাকায় পানি লবণাক্ততামুক্তকরণ (ডেসালিনেশন) প্রকল্পের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার মানুষের বসবাস থাকা ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শনিবার হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল হামিদ হামজেহপুর এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, হামজেহপুর এই হামলাকে যুক্তরাষ্ট্রের ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অংশ হিসেবে উল্লেখ করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, হামলায় সাগর থেকে পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি ডেসালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহকারী একটি ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে পুরো এলাকার পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিকল্পভাবে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ স্বাভাবিক পানি সরবরাহ পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।































