ছবি সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে সাত মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত প্রায় ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার সাত মাস বয়সী জীবন ইসলাম এবং এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কচুকাটা এলাকার মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে শেষে বরযাত্রীরা মাইক্রোবাসে করে কনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।































