ছবি সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। তিনি চট্টগ্রামের মীরসরাই থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি চিকিৎসাধীন ছিলেন এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাইয়ে জন্ম নেওয়া মোশাররফ হোসেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। স্বাধীনতার আগে ১৯৭০ সালে তিনি প্রথমবার তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
স্বাধীনতার পর তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দুইবার এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন বলে জানা যায়। পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি যুক্ত ছিলেন। কক্সবাজারের হোটেল সায়মন সম্প্রসারণ এবং চট্টগ্রামের আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল ‘পেনিনসুলা চিটাগাং’-এর চেয়ারম্যান হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পরিবার সূত্র জানিয়েছে।































