শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নতুন এমপিদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু বিএনপির

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ৭ মার্চ ২০২৬

নতুন এমপিদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু বিএনপির

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংসদ নেতা হিসেবে তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

রুদ্ধদ্বার কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারেক রহমান। সময় তার কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কে নতুন সংসদ সদস্যদের ধারণা দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগাভাগি করবেন।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রস্তুত করতেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

দলীয় নেতারা জানান, দুই দিনের এই কর্মশালায় সংসদে পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন আলোচনায় অংশ নেওয়া, নির্বাচনী এলাকার সমস্যা সংসদে তুলে ধরা এবং সংসদ অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করার মতো বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ায় সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা কম। তাই নতুন সদস্যদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়