শনিবার ২৫ জুলাই ২০২৬, শ্রাবণ ১০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ১৫:১৭, ২৫ জুলাই ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

শনিবার রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা প্রযুক্তি, মোবাইল ফোন ও মহাকাশ প্রযুক্তিসহ আধুনিক বিশ্বের প্রায় সব খাতেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এই খাতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবার রপ্তানি আয়ে নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুল্কমুক্ত সুবিধা, বিশেষায়িত অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান হাই-টেক পার্কের আধুনিকায়ন এবং নতুন বায়োটেক পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ খাতের উন্নয়নে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিইএআর ইনোভেশন এক্সপোর বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়