ছবি সংগৃহীত
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তাঁর স্বামী অভিনেতা জাহের আলভী, শাশুড়ি নাসরিন সুলতানা শিউলি ও অভিনেত্রী ইফফাত আরা তিথিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা দায়েরের পর থেকে আলভীর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে নেপাল থেকে দেশে ফেরার কথা শোনা গেলেও এখন পর্যন্ত তিনি জনসম্মুখে আসেননি। এমনকি ইকরার শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি কোথায় আছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
আলভীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, রোববার বিকেলে তিনি নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। বিমানবন্দরের ভেতরে কিছু সময় অবস্থানের পর একজনের মধ্যস্থতায় বেরিয়ে যান।
নেপালে শুটিংয়ে থাকাকালে তাঁর সঙ্গে এক নারী ছিলেন, যাকে ঘিরে স্ত্রী ইকরার সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল বলে শোবিজ অঙ্গনে আলোচনা রয়েছে। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তা হয়নি। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন বলে সংশ্লিষ্টদের ধারণা। অভিযুক্ত তিথির ব্যক্তিগত ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যমও বন্ধ পাওয়া যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছে মামলার এজাহারের কপি পাঠানো হয়েছে। তবে আলভীকে গ্রেপ্তার বা তাঁর উপস্থিতি নিয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি।
রোববার রাজধানীর পল্লবী থানা-য় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আলভী ও তাঁর পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ পর্যন্ত আলভীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
শোবিজ অঙ্গনে আলোচনা চলছে, এভাবে গা ঢাকা দিয়ে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ঘটনার দিন কী ঘটেছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।






























