পরিবারসহ জাপান যাচ্ছিলেন প্রবাসী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই জাপান প্রবাসী এক দম্পতি ও তাদের পরিবারকে ডাকাতির শিকার হতে হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ফেনীর বাসিন্দা প্রবাসী আরমান (৪০) তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছামাত্রই চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে ৫-৬ জনের একটি ডাকাত দল গাড়ি থামিয়ে চালকসহ সবাইকে মারধর করে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালায়। লুণ্ঠিত মালামালের মোট বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি।
পুলিশ চেকপোস্টের সামনেই এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মহাসড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর আর জাপানে যাওয়া সম্ভব হয়নি ভুক্তভোগী পরিবারটির। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলছে বলে থানা সূত্রে জানা গেছে।































