ছবি সংগৃহীত
গণভোটের ফলাফল বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার রাজধানীর আইইডিবি মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
শিশির মনির বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। তা না হলে দেশে অনাস্থা ও সাংবিধানিক জটিলতা তৈরি হবে।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বে কোথাও গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয় না; এটি মূলত সংবিধানের বাইরের একটি রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বিষয় আদালতের আওতায় নিয়ে আসা হচ্ছে, যা সংকটকে আরও জটিল করছে।
তিনি আশা প্রকাশ করেন, আদালত খোলার পর সংবিধান সংস্কার বাস্তবায়নসংক্রান্ত বিষয়টি সামনে আসবে এবং আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, গণভোটের ফল মেনে ১৮০ দিনের জন্য একটি সংবিধান সংস্কার সভা গঠন করতে হবে। পরে সংসদকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিভক্ত করার প্রস্তাবও তুলে ধরেন তিনি।
তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণে দেখা গেছে—গণভোটের রায় অমান্য করার নজির নেই। এ ধরনের উদ্যোগ ইতিহাসে নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
আদালত ও রাজনৈতিক সিদ্ধান্তের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন এই আইনজীবী। তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান আদালতের মাধ্যমে খোঁজার প্রবণতা অতীতে সংকট বাড়িয়েছে, ভবিষ্যতেও তা ঝুঁকিপূর্ণ হতে পারে।
সরকারের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভুল সিদ্ধান্তের প্রতিক্রিয়া শেষ পর্যন্ত নিজের ওপরই ফিরে আসে।
সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম।































