ছবি সংগৃহীত
ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
রবিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের ঠিকানায় স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো হচ্ছে।
নোটিশপ্রাপ্ত মালিক বা চালককে ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সিসি ক্যামেরা সংক্রান্ত মামলা নিষ্পত্তির নামে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করতে সতর্ক করেছে ডিএমপি। প্রতারণার চেষ্টা হলে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি জানায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যালগুলোতে এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন অপরাধে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে।































