ছবি সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ (বৃহস্পতিবার) দুপুরে ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবে।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার তদন্ত সংস্থা ২০২৫ সালের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এই মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ কর্মকর্তা, ছাত্রনেতা এবং অন্যান্য মিলিয়ে মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছে, বাকিরা পলাতক।
৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার শুরু হয়ে পরদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন। দীর্ঘ শুনানিতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের মধ্যে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ‘গুরুত্বপূর্ণ সাক্ষী’ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।
চলতি বছরের ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
সব প্রক্রিয়া শেষে ৫ মার্চ ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণ করে। এর ধারাবাহিকতায় আজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে।
এই রায়ের দিকে তাকিয়ে আছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারসহ দেশবাসী।































