ছবি সংগৃহীত
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা অবস্থায় নোবেল আদালতের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি একই মামলায় নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়। পরে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান।
গত বছরের ১৩ আগস্ট এক তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল। অন্য আসামিরাও এ কাজে তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।
তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআই অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে।
নোবেল ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন—তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।































