মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, আশ্বিন ২১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গুচ্ছে যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ১৯ মার্চ ২০২৩

গুচ্ছে যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

ছবি: ইন্টারনেট

গুচ্ছতে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ১২৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সভায় শুধুমাত্র একটি বিষয়েই আলোচনা করা হয়েছে। আলোচনায় সর্বসম্মত সিদ্ধান্তে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা ডেকে সেখানে পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। ভিসি স্যারের আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে মিটিং আছে, সেখানে আমাদের সিদ্ধান্ত উপস্থাপন করবেন এবং এসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু করবেন।

তিনি আরো জানান, আমরা বলেছি যখন একটি ভালো সমন্বিত ভর্তি কার্যক্রমের প্লাটফর্ম হবে তখন ইসলামী বিশ্ববিদ্যালয় তাকে ওয়েলকাম করবে। প্রয়োজনে আমরা আবার অংশগ্রহণ করবো। এর আগ পর্যন্ত আমরা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি কার্যক্রম চালাবো।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। এরমধ্যে রয়েছে, অনতিবিলম্বে ভর্তি কার্যক্রম শুরু করা, পহেলা জুলাই নতুন বর্ষের ক্লাস শুরু করা, আবেদনের জন্য ন্যূনতম ফি নির্ধারণ এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার পর শুধু ভর্তি হওয়ার জন্যই ক্যাম্পাসে আসবে এবং বাকী কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভা ও সাধারণ সভায় গুচ্ছ থেকে সরে এসে একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে সরকারকে সেই সিদ্ধান্ত পূনঃবিবেচনার দাবি জানান তারা। এসব সিদ্ধান্ত চিঠি আকারে ভিসিকে জানানো হয়। পরে গত বুধবার আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বিএনপিপন্থীদের জিয়া পরিষদ ও সাদা দল এবং জামায়াতপন্থীদের গ্রীন ফোরামের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেন।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা বেরিয়ে এসে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে আজ রবিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও’, ‘গুচ্ছের জটিল ভর্তি কার্যক্রম রহিত করো’, ‘গুচ্ছের পরিণতি বিশ্ববিদ্যালয়ের অবনতি’, ‘বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও’, ‘সময় বিনষ্টকারী গুচ্ছ কার্যক্রম বাতিল করো’, ‘এক দফা এক দাবি, গুচ্ছ থেকে হোক মুক্তি’ সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়