ছবি সংগৃহীত
ভবিষ্যতে শিক্ষকদের জন্য বিচার বিভাগের মতো পৃথক পে-স্কেল বা স্বতন্ত্র বেতন কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল হচ্ছে। তবে মূল্যস্ফীতির সঙ্গে প্রস্তাবিত বেতন কাঠামোর প্রত্যাশিত মাত্রায় সমন্বয় করা সম্ভব হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাও উপলব্ধি করেছেন। এ কারণে ভবিষ্যতে শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ২০২১ সাল থেকে শিক্ষকদের বকেয়া নিজস্ব কন্ট্রিবিউশনের অংশ ২০২৬ সালের ৮ আগস্ট পর্যন্ত পরিশোধ করা হয়েছে। সরকারের বাকি অংশও সমন্বয়ের মাধ্যমে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগামী বাজেটগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ পেলে শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।































