ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে ছিনতাই হওয়া পুলিশের একটি পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৯ মার্চ) রাত আড়াইটার দিকে বন্দর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পেছন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বন্দর এলাকার বেপারীপাড়া থেকে মিশাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
পরে মিশালকে সঙ্গে নিয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে তল্লাশি চালালে একটি ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে লুৎফর রহমান নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী।
বাংলাদেশ পুলিশ–এর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় পিস্তলের পাশাপাশি ১৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।































