ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, আগামী সাত দিনের মধ্যে ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসতে পারে।
পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের শক্তিশালী যুদ্ধবিমান বাহিনী দিনরাত অভিযান চালিয়ে ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করবে।
হেগসেথের ভাষ্য, অভিযানের ফলে ইরানের আকাশে কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান দেখা যেতে পারে। প্রয়োজনে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালানোর সক্ষমতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তবে সংঘাত কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর অভিযানের গতিপ্রকৃতি নির্ভর করবে বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, ইতোমধ্যে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ইরানের একাধিক নৌযান ধ্বংস করা হয়েছে।
হেগসেথ আরও বলেন, ইসরায়েল গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার হিসেবে কাজ করছে এবং দুই দেশের সমন্বিত শক্তি ভবিষ্যতে আরও বাড়বে।
এদিকে ইরানের পক্ষ থেকে এ ধরনের দাবিকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা স্বীকার করা হয়নি।































