ছবি সংগৃহীত
ইরাক থেকে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করে স্থল অভিযান শুরু করেছে—এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান সরকার।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, একাধিক সূত্রের বরাতে বলা হচ্ছে যে ইরাক থেকে কয়েক হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশ করেছে এবং তারা স্থল অভিযান শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সাংবাদিক জেনিফার গ্রিফিন দাবি করেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ফক্স নিউজকে জানিয়েছেন যে কুর্দি যোদ্ধারা ইরানে সীমান্ত পার হয়ে হামলা চালাচ্ছে।
এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কুর্দি পক্ষের একজন কর্মকর্তা বলেন, তাদের কয়েক হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে স্থল অভিযানে সহায়তা করতে পারে।
কুর্দিস্তান ফ্রিডম পার্টির নেতা খলিল নাদিরি জানান, তাদের যোদ্ধারা ইরাকের সুলাইমানিয়াহ অঞ্চলের সীমান্ত এলাকায় অবস্থান করছে এবং অভিযানের জন্য প্রস্তুত।
তবে এ ধরনের সব দাবি প্রত্যাখ্যান করে ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, কুর্দিরা মূলত ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বসবাস করলেও ইরানসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে তাদের উল্লেখযোগ্য জনগোষ্ঠী রয়েছে।































