ছবি সংগৃহীত
নিজ দেশে ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হওয়া ইরান নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে মানবিক ভিসা দিয়ে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া।
বর্তমানে তারা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ খেলতে অবস্থান করছিলেন। নিরাপত্তা শঙ্কায় ওই ফুটবলাররা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।
ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, সাহসী এই নারী ফুটবলারদের পাশে দাঁড়াতে পেরে তার দেশ গর্বিত। তিনি বলেন, “তারা এখানে নিরাপদ এবং অস্ট্রেলিয়াকে নিজেদের ঘর মনে করতে পারে।”
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানায়, আশ্রয় পাওয়া খেলোয়াড়রা হলেন—দলের অধিনায়ক জহরা ঘানবারি, মিডফিল্ডার ফাতেমেহ পাসান্দিদেহ, জহরা সারবালি আলিশাহ, মোনা হামুদি এবং ডিফেন্ডার আতেফেহ রামাজানিজাদেহ।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, ইরান দলের বাকি সদস্যরা বর্তমানে গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছেন। তাদের জন্যও অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ খোলা রয়েছে।
ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ফুটবলারদের আশ্রয় পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আল জাজিরা।































