ছবিঃ আলোআভা নিউজ২৪
রাইড শেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত মোটরসাইকেল চালকরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল নিতে পারবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিয়মিতভাবে জ্বালানি দেশে আনা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় স্থাপনা থেকে দেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি পাঠানো হচ্ছে।
জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ বজায় রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি যৌথভাবে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে রাইড শেয়ারিং চালকদের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে। ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদের মূল কপি জমা দিতে হবে।
এ ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করে তেল সরবরাহ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।































