ছবি সংগৃহীত
কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—বিএনপি সরকার গঠন করতে পারলে যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত রয়েছে, তা সুদসহ মওকুফ করা হবে। আমরা সেই কথা রেখেছি। গত সপ্তাহেই এই ঋণ মওকুফ করা হয়েছে।”
তিনি আরও বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে কোনো ধরনের পরিবর্তন হবে না। আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার পরিকল্পনাও রয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সামান্য বিলম্ব হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের চাপ কমাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
প্রথম ধাপে নির্বাচিত ৩৭ হাজার ৫৬৭ জন নারী মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। তবে এই সুবিধা গ্রহণের সময় তারা অন্য কোনো সরকারি ভাতা বা সুবিধা পাবেন না। পরিবারের অন্য কেউ কোনো ভাতা পেলে তা বহাল থাকবে।































