ছবি সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে ফ্রান্সকে। তবে এই ম্যাচ খেলার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন বিদায়ী কোচ দিদিয়ের দেশম।
শনিবার মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দেশম বলেন, "ইংল্যান্ডও এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না। কিন্তু এটি বিশ্বকাপের ম্যাচ এবং জাতীয় দলের জার্সির দায়িত্ব আমাদের পালন করতেই হবে।"
তিনি বলেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কখনোই ফাইনালের সমান গুরুত্ব বহন করে না। তবুও ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ফ্রান্স।
দেশম আরও জানান, জাতীয় দলের কোচ হিসেবে এটিই তার শেষ ম্যাচ। তিনি চান জয় দিয়েই দায়িত্বের ইতি টানতে এবং খেলোয়াড়রা যেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়।
এদিকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, দলের কেউই এই ম্যাচ খেলতে চায়নি। তবে দীর্ঘদিনের কোচ দেশমকে জয় দিয়ে বিদায় জানাতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মায়ামিতে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড।































