ছবি সংগৃহীত
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে তিনটি গাড়ি চালু রয়েছে, আজ আরও দুটি যুক্ত হয়েছে। ফলে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, মরদেহ দেশে আসামাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। আর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-তে নিবন্ধন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ফ্রিজিং সুবিধা শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যান্য জেলাতেও এ সেবা সম্প্রসারণ করা হবে।































