ছবি সংগৃহীত
টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, খেলার মাঠে রাজনীতি হওয়া উচিত নয় এবং বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে খেলব না। এটি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের উচিত।’
বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা আমলে না নিয়ে আইসিসি দলটিকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। যদিও সিদ্ধান্তটি আগেই জানানো হয়েছিল, এর কারণ এবারই প্রথম প্রকাশ করল পাকিস্তান সরকার।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সরকার ইতোমধ্যে ম্যাচটি বয়কটের কথা জানিয়েছে।































