ছবি সংগৃহীত
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্ধারিত ইভেন্ট ছাড়া এখন থেকে গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
রোববার (০১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে শুধুমাত্র ১ নম্বর গেইট দিয়ে।
নতুন নিয়মে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং আগে থেকে জানানো ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার ক্ষেত্রেই সাংবাদিকদের প্রবেশের অনুমতি থাকবে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভেন্যু ও বিসিবি কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।































