ছবি সংগৃহীত
ভোটের কালি নখ থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তন–এ ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু হবে।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেই একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি বা তাদের সহযোগীরা মানুষের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকেও সরকার সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, নাগরিকদের দুর্বল করে রাখলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তাই জনগণকে ধীরে ধীরে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পার্থিব কল্যাণের পাশাপাশি পরকালীন কল্যাণের কথাও ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। তাই নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক শিক্ষা দিয়ে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারে, তবে ধৈর্য, সততা, কৃতজ্ঞতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ ছাড়া প্রকৃত মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
এদিকে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান সুবিধাভোগী ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা। তবে ধর্মীয় বিধিনিষেধের কারণে সরকারি ভাতা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার যাজকরা।































