ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা–র বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন।
গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে তাঁর কাছে ৪০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি থাকার তথ্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে তিনি এই পদক্ষেপ নেন।
মাহদী হাসান জানান, গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের মাধ্যমে লন্ডনে অবস্থিত বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং ঢাকার কার্যালয়ের প্রধান সম্পাদক মীর সাব্বির–এর কাছে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাহদী হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিবিসি বাংলার প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে মানহানিকর ও অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনের প্রতিবাদ জানাতেই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, যথাযথ যাচাই–বাছাই ছাড়া সংবাদ প্রকাশের ফলে তাঁর ব্যক্তিগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। নিজেকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের একজন সক্রিয় কর্মী উল্লেখ করে মাহদী হাসান দাবি করেন, ওই প্রতিবেদনের কারণে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নোটিশে সংশ্লিষ্ট প্রতিবেদনটি প্রত্যাহার, ব্যাখ্যা প্রদান এবং প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি মানহানির অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
এ বিষয়ে নোটিশ পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক ব্যবস্থা না নেওয়া হলে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।































