ছবি সংগৃহীত
কেনাকাটার পর শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং–কে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশটি বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ–এ রিট আবেদন করা হবে।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি নোটিশে উল্লেখ করেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী।
তিনি বলেন, দেশের অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাকে হাতে করেই পণ্য বহন করতে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আইনজীবীর অভিযোগ, এ ধরনের কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতারও লঙ্ঘন ঘটাচ্ছে। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানগুলোও এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ে উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
নোটিশে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।































