ছবি সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু নতুন ফরম্যাটের জন্যই নয়, নতুন এক ঐতিহ্যেরও সূচনা করতে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা স্মারক আংটি।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে এই উদ্যোগ যুক্ত করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাদার ক্রীড়া প্রতিযোগিতায়, বিশেষ করে এনএফএলের সুপার বোল জয়ীদের আংটি দেওয়ার যে দীর্ঘদিনের সংস্কৃতি রয়েছে, সেটিই এবার বিশ্ব ফুটবলেও যুক্ত হচ্ছে।
আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ম্যাচ শেষে বিজয়ী দল বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এই বিশেষ সম্মাননাও পাবে।
বিশ্বকাপ উপলক্ষে মোট ২,০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৩০টি আংটি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য। বাকি ১,৯৯৬টি সীমিত সংস্করণের আংটি বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বিক্রি করা হবে।
আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও শিরোপা জয়ের স্মারক। চ্যাম্পিয়ন দলের জন্য তৈরি প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হবে। প্রতিটি আংটির সঙ্গে থাকবে একটি সত্যায়নপত্রও।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে। পরে ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করা চূড়ান্ত ৩০টি চ্যাম্পিয়নশিপ রিং আনুষ্ঠানিকভাবে দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।































