ছবি সংগৃহীত
জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার কারণে দেশে অননুমোদিত মজুতের প্রবণতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মাঠে নামানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ—এই ৯ জেলায় মোট ১৯টি ডিপোতে বাহিনী মোতায়েন করা হয়েছে।
ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে সুপরিকল্পিতভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করছেন।
এছাড়া, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রি প্রতিরোধ, নাশকতা ঠেকানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদানও নিশ্চিত করা হচ্ছে।
সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং যানবাহনে তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।































