ছবি সংগৃহীত
আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফর করবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে কোনো আপডেট নেই।’ ফলে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ বা ভারত সফর এখনো নিশ্চিত হয়নি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানিয়েছে নয়াদিল্লি।
তবে সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কি না, নাকি তাঁর পরিবর্তে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
এদিকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জয়সওয়াল। ঢাকায় সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে তিনি দুই দেশের সম্পর্ক জোরদারে গঠনমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।































