ছবি সংগৃহীত
বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার দুপুর ২টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান লেখেন, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।”
খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার সাধারণ ছুটি থাকবে।
এদিকে শেষ সময়ে মায়ের পাশে থাকতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি রাতেই সেখানে পৌঁছান এবং মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত পাশে ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোকবার্তা আসছে। যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশনও তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।






























