ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন তিনি। তার আগমন ঘিরে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ করেছে মন্ত্রণালয়।
সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী–এর নামফলক সরিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নেমপ্লেট স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।
নতুন মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে গার্ড অব অনারের প্রস্তুতিও নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন এবং প্যারেডের মহড়া শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সচিবালয় এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম এবং নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ব্রিফিং নেবেন। একই সঙ্গে অগ্রাধিকারভিত্তিক ফাইল পর্যালোচনাও শুরু করবেন তিনি।































