ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দায়িত্ব শেষ করে নীরবে দেশ ছেড়েছেন। আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে বিদেশে গেছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, ৮–১০ ফেব্রুয়ারি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে নির্বাচনের দায়িত্বও পালন করেছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস।
তার দাবি, দেশের জন্য কাজ করতে গিয়ে ব্যক্তিগত সঞ্চয় শেষ হয়ে গেছে, তাই দ্রুত চাকরি খুঁজতে হবে। একই সঙ্গে সন্তানের স্কুল মিটিং ও স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি কারণে পরিবারের কাছে যাচ্ছেন। তিনি রিটার্ন টিকিট কেটে গেছেন বলেও উল্লেখ করেন।
পোস্টে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, দায়িত্ব পালনের সময় স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন এবং কিছু মহল তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে জার্মানি যান তিনি।































