ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন—জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা—ব্যবহার করতে পারবেন। প্রতিটি যানবাহনে চালকসহ সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যেই গণ্য করা হবে।
যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন থাকতে পারবেন।
নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট প্রত্যেকে চালকসহ সর্বোচ্চ পাঁচজন নিয়ে নৌযান ব্যবহার করতে পারবেন।
প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া অন্য কেউ গাড়িতে থাকলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে পরিচয়পত্র নিতে হবে। পাশাপাশি রিটার্নিং অফিসারের দেওয়া স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন বাধ্যতামূলক।
এ ছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।































