ছবি সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন।
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নেওয়া যাবে না কেন—এমন প্রশ্নে সোমবার সকালে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ভোটাররা মোবাইল নিতে পারবেন না বলেই তিনি জানেন, অন্যদের বিষয়ে তাঁর জানা নেই।
ভোটকেন্দ্রে অনিয়ম হলে সাংবাদিকরা সাধারণত ছবি বা ভিডিও তুলে তা প্রকাশ করেন—এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বডি–ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার ফুটেজ থেকে সাংবাদিকরা ছবি সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি নির্বাচন কমিশনের আরেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।































