ছবি সংগৃহীত
ক্ষমতা ছাড়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার আগের পেশায় ফিরে যেতে চান বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। এ জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন আলী রীয়াজ।
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। এর মাধ্যমে জনগণ সংবিধান সংস্কার ও রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তনের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছে। তার ভাষ্য, দেশের বড় একটি জনগোষ্ঠী পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না; তারা সংস্কার চায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান তিনি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কা নস্যাৎ করে ভোটে অংশ নেওয়া জনগণকেও ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।































