ছবি সংগৃহীত
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৮৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমানী। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। শৈশবে পরিবারের তত্ত্বাবধানে বাংলা ও ফার্সি ভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে গৌহাটির কটনস স্কুলে এবং সিলেট সরকারি পাইলট স্কুলে পড়াশোনা করেন। ১৯৩৪ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করে ইংরেজিতে কৃতিত্বের জন্য ‘প্রিটোরিয়া অ্যাওয়ার্ড’ লাভ করেন। এরপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএ ও বিএ সম্পন্ন করেন।
১৯৩৯ সালে ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। দেরাদুন সামরিক একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হন এবং অল্প বয়সেই মেজর পদে উন্নীত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টে দায়িত্ব পালন করেন।
১৯৪৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক সামরিক জোটে দেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৬৭ সালে অবসর গ্রহণের পর রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেন এবং যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৬৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন গোরস্তানে তাকে দাফন করা হয়।































