ছবি সংগৃহীত
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন।
উপাচার্যের দপ্তরের এক ডেপুটি রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন এবং তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফিরে যেতে চান।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং ক্যাম্পাসের স্থিতিশীলতা নিয়ে তাঁর মতামত জানতে চান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় শিক্ষামন্ত্রী তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান।
গত ১০ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানান অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময়কার বিশেষ পরিস্থিতি অতিক্রম করা গেছে এবং একটি ‘স্মুথ ট্রানজিশন’-এর স্বার্থে তিনি সরে দাঁড়াতে চান।
তবে সরকার চাইলে ধারাবাহিকতা বজায় রাখতে কিছু সময় দায়িত্বে থাকার কথাও জানান তিনি। একই সঙ্গে ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে শিক্ষকতায় ফেরার আগ্রহের কথাও উল্লেখ করেন।































