ছবি সংগৃহীত
আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা–২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি–র শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর কথা ছিল।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম মেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। প্রকাশকদের একাংশের দাবির প্রেক্ষিতে মেলার তারিখ পাঁচ দিন পিছিয়ে দেওয়া এবং স্টলভাড়া মওকুফের সিদ্ধান্ত হয়।
যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তাঁদের বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। একই দিন সন্ধ্যা ছয়টায় স্টল বরাদ্দ দেওয়া হবে।
রমজান মাস সামনে রেখে মেলা ঈদের পর আয়োজনের দাবি তুলেছিলেন প্রকাশকদের একটি অংশ। সেই প্রেক্ষাপটেই তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।































